ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার মরদেহ ল্যাপ-তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্তান এলাকায় বসবাস করতেন এবং মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ জানায়, বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফতুল্লা থানার এসআই রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধ ও গরম পানির সেঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত চলছে।

সম্পর্কিত