ফটিকছড়িতে নিখোঁজের পাঁচদিন পর যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে নিখোঁজ থাকার পাঁচদিন পর রাজু মিয়া (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনখাইয়া খাল থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রাজু মিয়া ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে প্রতিবেশী তরুণী তুসিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন রাজু। গত ২১ জানুয়ারি বিকেলে উভয় পরিবারের সম্মতিতে সামাজিক বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। তবে ওই দিন রাতেই রহস্যজনকভাবে নিখোঁজ হন রাজু।

পরদিন ২২ জানুয়ারি রাজুর বাবা কবির হোসেন ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তুসির বোনজামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করে নাম উল্লেখসহ ছয়জন এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক বৈঠকে বিষয়টি আপাতভাবে মীমাংসা হলেও ফিরোজ আহমেদ তা মেনে নিতে পারেননি। অভিযোগ অনুযায়ী, ২১ জানুয়ারি রাতে তিনি অন্য অভিযুক্তদের সহায়তায় রাজুকে ঘর থেকে ডেকে এনে অপহরণ করেন। ঘটনার পাঁচদিন পর খনখাইয়া খাল থেকে রাজুর লাশ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা থানায় এসে লাশটি শনাক্ত করেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত