শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।
শুক্রবার (২৬ জুন) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি চালু রয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান বক্স বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার প্রদান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ইসিজি মেশিন সরবরাহ এবং ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা বিতরণ।
এ সময় সরকারি ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।