কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি হায়েস ও দুটি মিনিবাস জব্দ করা হয়।
রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে। একই সঙ্গে মিছিলে ব্যবহৃত বলে সন্দেহভাজন তিনটি হায়েস গাড়ি ও দুটি মিনিবাস জব্দ করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনায় তাদের সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।