ভোলায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাত আটক

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোলা জেলার দৌলতখান উপজেলাে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক দুই ব্যক্তি হলেন মো. জসিম হাওলাদার (৪৫), যিনি চরপাতা ইউনিয়নের বাসিন্দা, এবং মোহাম্মদ জসিম উদ্দিন (৫০), যিনি চরখলিফা ইউনিয়নের বাসিন্দা।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতখান থানাধীন চর নেয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত