সৈয়দপুরে ফুটপাত উচ্ছেদে সংঘর্ষ, আহত ১২ জন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর শহরে যানজট নিরসনে পরিচালিত ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ব্যবসায়ীরা শহরের প্রধান সড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর পৌরসভার প্রশাসকের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করতে গেলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই দোকান ভাঙচুর করা হয় এবং কয়েকজন ব্যবসায়ীকে পৌরসভা কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। এর প্রতিবাদে তারা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় দীর্ঘ প্রায় তিন ঘণ্টা ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন এবং শহরের বিভিন্ন লিংক রোডেও যানজটের সৃষ্টি হয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পৌরসভার কর্মচারী আবু সাঈদ বলেন, পৌরসভার নির্দেশনা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় কিছু ব্যবসায়ী বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শহরের যানজট নিরসন ও পথচারীদের চলাচল নিরাপদ করতে নিয়মিতভাবে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কিছু ব্যবসায়ী এতে বাধা দিচ্ছেন।

সম্পর্কিত