নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিশুটির পরিবারের সদস্যরা অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রবিউল ইসলাম (৩০) সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের রবিউল ইসলামের বাড়ির একটি ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তাকে দেখতে পান।
পরে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিব আকবর বলেন, শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত করা হবে এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত শিশুর চাচা মুজিবর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত রবিউল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় একটি গুরুতর অপরাধের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।