ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে এমভি ঈগল-৭ নামে একটি লঞ্চ কাত হয়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়েন হাজারও যাত্রী।
লঞ্চঘাটে থাকা যাত্রীরা জানান, হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড ঝড়ে ঢাকা থেকে ছেড়ে আসা একাধিক যাত্রীবাহী লঞ্চ ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এর মধ্যে এমভি ঈগল-৭ লঞ্চটি ঘাটে ভিড়তে গিয়ে কাত হয়ে যায়। এতে ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন।
আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পরপরই নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আজাদ জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ের কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময় নৌযান চলাচল ব্যাহত হয় এবং পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়।