টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, তদন্ত চলছে

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলায় মাসুদ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাসুদ (৪৮) কুইজবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রোববার সকালে বাড়ি ও দোকানের মাঝামাঝি রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, নিহতের মাথার পেছনে ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা এখনও নিশ্চিত করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত