বগুড়া জেলা পরিষদের তিনবারের সাবেক প্রশাসক, চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র সহসভাপতি ডা. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১০ জুন) দুপুরে বগুড়া শহরের নারুলী মধ্যপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য তিনি সর্বমহলে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত এশার নামাজের পর বগুড়া শহরের নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য তিনি ভাষাসৈনিক হিসেবেও পরিচিতি লাভ করেন।
তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে পুনরায় প্রশাসকের দায়িত্ব পান এবং পরবর্তী নির্বাচনে আবারও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মৃত্যুতে বগুড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।