বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করার ঘটনায় দায়ের হওয়া প্রতারণা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন শাওন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) ভোরে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বানাইল পশ্চিমপাড়া এলাকায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, সাব্বির হোসেন শাওন মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজে আউটসোর্সিং ভিত্তিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এইচএসসি ২০২৬ পরীক্ষার ফরম পূরণের কথা বলে তিনি ছয় শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা গ্রহণ করেন। তবে নির্ধারিত সময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের কারও ফরম পূরণ করা হয়নি এবং কোনো প্রবেশপত্রও ইস্যু হয়নি।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার তদন্ত চলছে এবং অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।