সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন চুনারুঘাটের তৃণমূল থেকে উঠে আসা বিএনপি নেত্রী শাম্মী আক্তার। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের কন্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেত্রী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক এবং দলের মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা যায়, তিনি এর আগে হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেন।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. আহমদুর রহমান আব্দাল বলেন, শাম্মী আক্তার দলের দুঃসময়ে জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিলেন। তার এই মনোনয়ন তৃণমূল রাজনীতির জয় হিসেবে দেখছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের মতে, শাম্মী আক্তারের মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।