ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক স্লোগান, বিতর্ক

স্টাফ রিপোর্টার
ভূরুঙ্গামারীর একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত
ভূরুঙ্গামারীর একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটিকে নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছোট ছোট শিক্ষার্থীদের ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিডিওটি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধারণ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, কোমলমতি শিক্ষার্থীদের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে, যা নির্বাচন কমিশনের প্রচার নীতিমালার সরাসরি লঙ্ঘন। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার যে বিধান রয়েছে, তা এ ঘটনায় উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয় প্রাঙ্গণে এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দিতে বাধ্য করেন।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেস বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান জানান, জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে আলোচনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে তাকে শোকজ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে এবং সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত