চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক সেবন ও অনলাইনে জুয়া খেলার অপরাধে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, মাদক সেবনের সময় পুলিশের সহায়তায় ছয়জনকে আটক করা হয়। তারা হলেন— মো. আবদুল কাদের (৪২), মো. আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৪), মো. আজিজ (২০), মো. ছাবের আহমেদ (৩৪) ও মো. আলাউদ্দিন (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত মো. আবদুল কাদের, মো. আজিজ ও মো. ছাবের আহমেদকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া বাকি তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় আরও সাতজনকে আটক করা হয়। তারা হলেন— মো. দিদারুল আলম (২২), আজগর হোসেন (৩২), সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মো. মোজাফফর আহমদ (৪২)।
আদালত মো. দিদারুল আলমকে ছয় মাস, আজগর হোসেনকে তিন মাস এবং বাকি পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। তিনি জানান, উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই দণ্ড দেওয়া হয়েছে।