বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ (৪০) উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি উদয়পুর বাজারে ‘মেসার্স শেখ ট্রেডার্স’ নামে একটি স্যানিটারি ও হার্ডওয়্যারের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের সময়ে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে পানের দোকানের সামনে সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ সোহাগ শেখের দোকানের কর্মচারী নুর ইসলামকে (২৭) গুলি করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।