জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার বরবরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির বৈদ্যুতিক তার চুরি করতে যান নিপু। এ সময় তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ভোরে উপজেলার কামরাবাদ এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চুরি করতে গিয়েছিলেন কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পর্কিত