কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও নাজিরপাড়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির সদস্যরা নাফ নদীতে প্রযুক্তিনির্ভর নজরদারির ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করা হয়।
একপর্যায়ে এক ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা গেলে বিজিবির নৌ টহল দল তাকে আটক করে। পরে বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাগীর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে বুধবার সকালে নাজিরপাড়া বিওপির সদস্যরা আলুগোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালান। এ সময় জেলের ছদ্মবেশে তিন ব্যক্তি ঠেলা জালে করে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের থামার সংকেত দেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আজিজুল হক (৩৮) নামে একজনকে আটক করা হয়। তবে অপর দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার ব্যবহৃত জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তিভিত্তিক নজরদারি, স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।