খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

স্টাফ রিপোর্টার
 ছবি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ছবি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ (বীর বিক্রম)। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার (৩০ জুন) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ অংশ নেবেন।

জানা গেছে, স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরান সফর করবেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানের কর্তৃপক্ষ জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে বলে আশা করছে।

সম্পর্কিত