সংসদে শহীদ পরিবারের কথা বলতে চান রোকেয়া বেগম

স্টাফ রিপোর্টার
জুলাই আন্দোলনে শহীদ শিশুর মা রোকেয়া বেগম সংসদে গিয়ে শহীদ ও আহতদের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ছবি:
জুলাই আন্দোলনে শহীদ শিশুর মা রোকেয়া বেগম সংসদে গিয়ে শহীদ ও আহতদের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ছবি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেছেন, সংসদে গিয়ে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের কথা তুলে ধরতে চান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রোকেয়া বেগম বলেন, “আমাদের শহীদ পরিবারের কষ্ট কোনোদিনও কেউ মিটাতে পারবে না। তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি শহীদ পরিবার ও আহতদের কথা তুলে ধরতে চাই।”

তিনি জানান, আন্দোলনের সময় তার ৬ বছর বয়সী ছেলে জাবির রাজধানীর উত্তরা জসিমউদ্দিন এলাকায় শহীদ হন। সেই সময় পুরো পরিবার আন্দোলনে যুক্ত ছিল এবং তারা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন।

রোকেয়া বেগম আরও বলেন, জামায়াত জোট শহীদ পরিবারের জন্য একটি আসন ছেড়ে দিয়েছে এবং তাকে যে সম্মান দেওয়া হয়েছে তা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে বিকেল ৫টায়। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সম্পর্কিত