রামিসা হত্যাকাণ্ডে বাবার কান্না, ন্যায়বিচার নিয়ে শঙ্কা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি বলেন, “আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। কোনো স্টেপ নেবেন? পারবেন না। এটা বড়জোর ১৫ দিন, এরপর আরেকটা ঘটনা ঘটবে—এটা ধামাচাপা পড়ে যাবে।”

মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাটে রামিসা হত্যার ঘটনা ঘটে। স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা যায়, শিশুটিকে প্রথমে ধর্ষণ এবং পরে নির্মমভাবে হত্যা করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই এলাকায় ভাড়া আসেন। ঘটনার সময় শিশুটির মা তাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিকৃত যৌনলালসা ও অপরাধ ঢাকার উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়। মরদেহ গুমের চেষ্টা হিসেবে পরবর্তীতে দেহাংশ বিচ্ছিন্ন করা হয়। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত