ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশজুড়ে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দ, জরিমানা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুর এর কৃষি মার্কেট এবং টঙ্গী কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) পটুয়াখালী সদর এলাকায় র্যাব-৮ এর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে চট্টগ্রাম মহানগর এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়া তেল বোতলজাত, ভিন্ন কোম্পানির লেবেল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ সনদ না থাকার অভিযোগে ১ হাজার ৪২ লিটার তেল জব্দ করা হয়। এছাড়া নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত রাখার দায়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব জানিয়েছে, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।