স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী শনিবার (৯ মে) যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরোয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে।
এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর একটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান।