বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাতের বানানো ব্যাটারিচালিত ‘স্মার্ট কারে’ চড়ে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় ১৭ বছর বয়সী তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফাত নিজের তৈরি করা ছোট যানটি প্রধানমন্ত্রীকে দেখান এবং পরে নিজেই সেটি চালিয়ে ঘুরে দেখান।
ব্যাটারিচালিত এই বিশেষ বাহনের নাম রাখা হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি এ উদ্ভাবনের জন্য তরুণটির প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
ওয়াকিমুল ইসলাম রিফাত প্রধানমন্ত্রীর কাছে তার উদ্ভাবনের গল্প তুলে ধরেন। তিনি জানান, একসময় তিনি সারাদিন ঘরে থাকতেন এবং একা চলাফেরা করতে পারতেন না। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তিনি এই স্মার্ট কার তৈরি করেন।
রিফাত বর্তমানে যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ছেন। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
তিনি জানান, সরকারি সহযোগিতা পেলে আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্করাও ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, গাড়িটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।