যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

বাজেটকে একটি ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সুদৃঢ় সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবারও বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।

বক্তব্যে তিনি দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, সৃজনশীল অর্থনীতি এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি উত্তরাঞ্চলের পানি সংকট ও তিস্তা নদীকে ঘিরে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের মানুষের অন্যতম প্রধান উদ্বেগ পদ্মা ও তিস্তা নদী। বিএনপি সরকার সবসময় কৃষিবান্ধব নীতি অনুসরণ করেছে এবং দেশ পরিচালনার সুযোগ পেলেই কৃষকের পানির অধিকার নিশ্চিত করতে কাজ করেছে।

তিনি জানান, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সারা বছর কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।’

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের কৃষি, সেচ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলেও আশ্বাস দেন।

সম্পর্কিত