ঈদুল আজহা সামনে রেখে টিকিট ছাড়া ননস্টপ আন্তঃনগর ট্রেনে ভ্রমণের দায়ে ৪৩৪ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দপ্তর। এতে একটি ট্রেন থেকে মোট রাজস্ব আয় হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ১৯২ টাকা।
সোমবার (২৫ মে) দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (২৪ মে) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ননস্টপ আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের নির্দেশনায় পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুনসহ ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক ও নিরাপত্তা কর্মীরা অংশ নেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা জানান, অভিযানে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৪৩৪ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ভাড়া বাবদ আয় হয় ১ লাখ ৭০ হাজার ৫৩৩ টাকা এবং জরিমানা বাবদ আয় হয় ১ লাখ ৬৮ হাজার ৬৫৯ টাকা।
ডিআরএম আবু হেনা মোস্তফা আলম বলেন, ঈদ মৌসুমে ট্রেনে যাত্রীচাপ বেড়ে যায়। টিকিটধারী যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সেবা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিনা টিকিটে ভ্রমণ নিরুৎসাহিত করতে পাকশী বিভাগের আওতাধীন সব যাত্রীবাহী ট্রেনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।