আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বর্তমানে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও এজলাস সংকটসহ নানা সমস্যার কারণে দেশের বিচারব্যবস্থা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। বিচারক ও অবকাঠামোগত সংকট সমাধানের মাধ্যমে বিচার কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা চলছে।
জুলাই হত্যাকাণ্ডের মামলার বিষয়ে তিনি বলেন, এসব মামলা পর্যায়ক্রমে বিচারের মুখোমুখি করা হবে। আইনের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলোর বিচার সম্পন্ন হবে।
শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি নিয়মিত এমন বক্তব্য দিচ্ছেন, যা থেকে মামলাগুলো সম্পর্কে তার অবগত থাকার বিষয়টি বোঝা যায়। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মাধ্যমেই তার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এ ছাড়া শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে স্পেশাল ট্রাইব্যুনালের জন্য বিশেষ বিচারক ও আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা ও দায়রা জজ মোতাকাব্বির আহমেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এ সময় মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।