নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহীদ ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানায় এই জিডি করা হয়।
জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও হাদির সন্তানকে হত্যার আশঙ্কায় ভুগছেন। এখনো হত্যাকাণ্ডে জড়িত চক্র গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ অবস্থায় তিনি ও হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।
এছাড়া জিডিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওমর বিন হাদি।
এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।