অনলাইন জুয়া ঠেকাতে আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে নতুন ও আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনেই এ সংক্রান্ত বিল উত্থাপন করা হবে।

রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফ সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮৬৭ সালের পুরোনো জুয়া আইন বাতিল করে সময়োপযোগী ও আধুনিক আইন প্রণয়ন করা হচ্ছে। নতুন আইনে জুয়া, বেটিং ও অনলাইন জুয়ার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, সমাজের অগ্রগতি ও সংস্কারের জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রয়োজন। তবে সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা চর্চার ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের স্বার্থ ও সামাজিক শৃঙ্খলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

মাদক আইনের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে মামলার জট কমাতে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাসপোর্ট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন পাসপোর্টে আগের মতো ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দগুচ্ছ পুনর্বহাল করা হবে।

এছাড়া সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ ও যাতায়াত সুবিধা সংক্রান্ত দাবিগুলোও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত