জুলাইয়ে দুই মাসের বকেয়া বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

মাদরাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন একসঙ্গে আগামী জুলাই মাসে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার এনটিআরসিএর মাধ্যমে মাদরাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়নি। ফলে নবনিযুক্ত শিক্ষকরা সময়মতো বেতন পাচ্ছেন না।

তিনি বলেন, “আমি জানি এক মাসের বেতন না পেলে একজন শিক্ষকের জীবন কতটা কষ্টকর হয়ে ওঠে। তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

মন্ত্রী আরও বলেন, তার হাতে থাকা ১০০ কোটি টাকা জনতা ব্যাংকে দেওয়া হয়েছে। যাদের বেতন হিসাব জনতা ব্যাংকে রয়েছে তারা ইতোমধ্যে বেতন পেয়েছেন। অন্য ব্যাংকে হিসাব থাকা শিক্ষকদের বেতন প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই মাসে মে ও জুন—দুই মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত