দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় গত ১১ মে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ দেশে পৌঁছেছে।
রোববার (৭ জুন) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মরদেহ দুটি এসে পৌঁছায়। সেখানে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পরে মরদেহ দুটি সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বাসিন্দা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মরদেহ দেশে আনার জন্য বাংলাদেশ দূতাবাস, বৈরুত স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।
ফ্লাইটের মাধ্যমে মরদেহ দুটি প্রথমে বৈরুত থেকে কাতারের দোহা হয়ে ঢাকায় আনা হয়। এ প্রক্রিয়ায় কাতার এয়ারওয়েজের নির্ধারিত ফ্লাইট ব্যবহার করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লেবাননে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।