জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার সরকারের, বললেন এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বর্তমান সরকার পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জুলাই সনদের প্রতিটি শব্দ ও লাইন অক্ষুণ্ণ রেখে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের পরিবর্তন বা ব্যত্যয় ঘটানো হবে না।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে দেশে জ্বালানি সংকটসহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এমন কঠিন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে স্থিতিশীলতা বজায় রেখেছেন, যা দেশের ইতিহাসে বিরল একটি ঘটনা।

তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায় নিউইয়র্কভিত্তিক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়া দেশের জন্য গৌরবের বিষয়।

এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের গুণাবলি বর্তমানে তারেক রহমানের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি তাদের সাহস দিয়েছিলেন। তবে তিনি মনে করেন, তারা যদি নতুন রাজনৈতিক দল না গড়ে একটি শক্তিশালী সামাজিক ও পরামর্শমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেন, তাহলে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

সম্পর্কিত