বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ছবি: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যে পরিমাণ স্বাধীনতা উপভোগ করে, তা অন্য অনেক দেশেও কম দেখা যায়। বিচার বিভাগ স্বাধীন বলেই বিভিন্ন মামলায় অনেক সময় রাষ্ট্রপক্ষও পরাজিত হয়।

তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

মন্ত্রী আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিক ও আইনিভাবে অত্যন্ত স্বাধীন। বিচারকদের বদলি, পদায়ন কিংবা শৃঙ্খলামূলক ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে নেই।

অতীতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার ভিন্ন রূপও অতীতে দেখা গেছে। নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে অতীতে কিছু ব্যর্থতার অভিজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান বিচারকদের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশের বিচারকরা নিজেদের মেধা, প্রজ্ঞা ও জ্ঞান প্রয়োগ করে রায় দেন। সেখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

মামলার দীর্ঘসূত্রতা নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। প্রয়োজনের তুলনায় বিচারক ও আইনজীবীর সংখ্যা কম হওয়ায় মামলার নিষ্পত্তিতে সময় লাগছে।

আলোচিত রামিসা হত্যা মামলার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, এ মামলায় শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত