মাদক-সন্ত্রাস-জুয়ায় জিরো টলারেন্স ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর Osmani Smriti Auditorium-এ জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অপরাধ দমনে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হবে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা যাচাই-বাছাইসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব সময়ে লাইসেন্সকৃত অনেক আগ্নেয়াস্ত্র এখনও জমা পড়েনি। প্রায় ১০ হাজার অস্ত্র এখনও ফেরত না আসায় সেগুলো উদ্ধারে অভিযান জোরদার করা হবে এবং প্রয়োজনে মামলা করা হবে। ২০০৯ সালের আগে ও ২০২৪ সালের পরে ইস্যু করা অস্ত্র ফেরত দিতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জেলা পর্যায়ে কমিটির মাধ্যমে এসব মামলা যাচাই করে প্রত্যাহারের সুপারিশ করা হবে এবং পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি করা হবে।

তিনি আরও জানান, ৫ আগস্ট পরবর্তী সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোতেও প্রকৃত আসামি শনাক্তে জোর দেওয়া হচ্ছে, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট না বসানো, হাটে জাল টাকা প্রতিরোধে নজরদারি বাড়ানো এবং কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নৌপথে যাতায়াত নিরাপদ রাখতে ফেরিঘাটে শৃঙ্খলা নিশ্চিত এবং জেলা প্রশাসন, পুলিশ ও নৌপরিবহন কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রামীণ পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহের মাধ্যমে সাত দিন পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত