আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বড় পরিসরে এই নিয়োগ কার্যক্রম নেওয়া হচ্ছে, যা শিক্ষাখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
তিনি আরও জানান, এবারের এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ের পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষাখাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা করছে। লক্ষ্য অনুযায়ী ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।