দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত ইউএই সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
তিনি জানান, দুবাই থেকে ই-মেইলে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশ সরকার তিন দিনের মধ্যেই সব প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিয়েছে।
বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন—এমন আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার এখনো ইউএই সরকারের জবাবের অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন।
এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। সরকার আশা করছে, তাদের দেশে ফিরিয়ে এনে তদন্ত শেষে যথাযথভাবে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।