ডাকসু ভিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ (সাদিক কায়েম) কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর উপাচার্যের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন,

প্রশাসনের কাছে তারা নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন এবং রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন সবার ক্ষেত্রে সমান ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক কার্যক্রম চললেও শিক্ষার পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, শিবিরের গুপ্ত রাজনীতির কারণে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হচ্ছে এবং বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে উসকানিমূলক ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এতে ছাত্রদলের নেতাকর্মী, বিশেষ করে নারী নেত্রীদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এতে ডাকসুর ভিপি মো. আবু সাদিক,

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্নাহসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ‘DU Insider’, ‘ঢাবি কণ্ঠস্বর (Daily DUCSU)’ এবং ‘DU Observer (Voice of Gen Z)’ নামের কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপ থেকে অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়।

ছাত্রদল এসব ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং উল্লেখিত পেজ ও গ্রুপগুলো স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে। প্রয়োজনে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যবস্থা নেওয়ার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত