বাংলাদেশ আর নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বাংলাদেশ আর কখনো কোনো দেশের ‘ক্লায়েন্ট স্টেট’ বা নির্ভরশীল রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করা।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো ‘বাংলাদেশ সবার আগে’। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকবে না।

দুই বছর আগের পরিস্থিতির স্মৃতিচারণ করে ড. খলিলুর রহমান বলেন, বিদেশে অবস্থানকালে তারা শিশু-কিশোরদের প্রাণহানি, সরকারের দমন-পীড়ন এবং দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও দেশে এভাবে তথ্যপ্রবাহ বন্ধ করা হয়নি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ওই সময়টি ছিল অন্যতম নৃশংস ও অন্ধকার অধ্যায়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সে সময় জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছিল। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি হয়, যা সহিংসতা কমাতে এবং রাজনৈতিক পরিবর্তনের গতি ত্বরান্বিত করতে ভূমিকা রাখে।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক রূপান্তর ঘটানো ছিল বড় চ্যালেঞ্জ।

তিনি দাবি করেন, এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরাও সাম্প্রতিক নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে।

কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে অবস্থান হারাতে বসেছিল, তা আবার পুনরুদ্ধার করছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ সবার আগে’। বাংলাদেশ আর কখনো অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়ের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় অসম্ভব মনে হওয়া এ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি এ সাফল্যের জন্য নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কূটনীতিকদের সমন্বিত প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তরুণ প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে ড. খলিলুর রহমান বলেন, দেশের তরুণরা ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে। এখন ভালোবাসা, মেধা ও দায়িত্ববোধ দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।

সম্পর্কিত