খালেদাকে নিবেদিত আল মাহমুদের কালজয়ী কবিতা

 ছবি:
ছবি:

১৯৯২ সালের ২০ নভেম্বর শুক্রবার দৈনিক যুগান্তর-এর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল কবি আল মাহমুদের লেখা কবিতা ‘খালেদা’। সময় ও প্রেক্ষাপটের সাক্ষী হয়ে থাকা এই কবিতাটি আজও পাঠকের কাছে আলাদা গুরুত্ব বহন করে। জাগো নিউজের পাঠকদের জন্য কবিতাটি আবারও তুলে ধরা হলো—


খালেদা

আল মাহমুদ

তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ
এদেশের গুল্মলতা ছুঁতে চায় পল্লবিত আঁচল তোমার।
যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভিতরে।
লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধী মাটিরই কন্যাকে।

প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কী মন্ত্রবলে তুমি
কেবল ছড়িয়ে দিচ্ছ, মাঠঘাট আদিগন্ত শস্যের কিনারে।
আমরাও সাক্ষ্য দেব, হাঁ আমরা একদা দেখিছি,
দেখেছি মাতাকে এক অনিঃশেষ আঁধারে দাঁড়িয়ে
আলোর ডানার মতো মেলে দিয়ে ব্যাগ্র দুই বাহু
এগারো কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎবিভায়!

কখনো ভুলোনা যেন তোমার ঘোমটায় আছে মানুষের আশার বারুদ,
ভুলোনা, তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির।
অবিচল, পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও।


এই কবিতায় আল মাহমুদ রাজনৈতিক বাস্তবতা, জাতির আশা-আকাঙ্ক্ষা ও মাতৃরূপী নেতৃত্বের প্রতীকী ভাষ্যকে শক্তিশালী কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন, যা আজও বাংলা কবিতার পাঠে তাৎপর্যপূর্ণ হয়ে আছে।

বিষয়:

সম্পর্কিত