এআইইউবিতে ‘ডিসকভার ইংলিশ ২০২৫’: ইংরেজি ভাষা ও সাহিত্যে শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীলতার মিলনমেলা

 ছবি:
ছবি:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ইংরেজি ভাষা ও সাহিত্যবিষয়ক দিনব্যাপী এক শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে অবস্থিত এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত ‘ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক এই সম্মেলনে স্নাতক, স্নাতকোত্তর (এমএ, এমফিল) ও পিএইচডি পর্যায়ের মোট ১৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস’, যা শিক্ষার্থীদের নিজস্ব গবেষণা ও একাডেমিক ভাবনার মুক্ত প্রকাশের সুযোগ তৈরি করে। ভাষা ও সাহিত্য—এই দুই বিভাগে উপস্থাপিত প্রবন্ধগুলোর মধ্য থেকে সেরা ৮টি প্রবন্ধকে ‘স্পেশাল মেনশন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইইউবির ইংরেজি বিভাগের প্রধান এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মো. হামিদুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা সৈয়দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের পিএইচডি গবেষক মোহাম্মদ মসিউর রহমান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য আবদুর রহমান। দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে এআইইউবির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

বিষয়:

সম্পর্কিত