বরিশাল, ১৮ এপ্রিল, ২০২৬ : চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভের পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এক নেতা।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর বিক্ষোভের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ মাহমুদ মিল্টন (৪৭)। তিনি পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা প্রয়াত শাহজাহান খানের ছেলে এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং থানার সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এক নারী তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশালের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর বিক্ষোভের পরই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের ৩১ জুলাই সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ী গ্রামে এক হত্যা মামলায়ও তিনি প্রধান আসামি ছিলেন। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরবর্তীতে তাকে দলীয় সংগঠন থেকেও বহিষ্কার করা হয়।
গ্রেপ্তারের পর মিল্টন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আদালতের নির্দেশে বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আদালতের জিআরও এএসআই মো. এমদাদ।