লক্ষ্মীপুরের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নবাগতদের ফুলের মালা পরিয়ে জামায়াতে ইসলামীতে স্বাগত জানান দলের নেতারা। যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরণ, একই ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সাবেক সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা এবং বাঙ্গাখা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন।
জামায়াত সূত্র জানায়, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে নতুন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন। ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও নৈতিক মূল্যবোধের প্রতি আস্থার কারণেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়।
যোগদান অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা এডভোকেট মাহির হাছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নবাগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের যোগদান জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।
জামায়াতে যোগদানকারী কয়েকজন নেতা বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনা ও আত্মসমালোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণ ও অভিজ্ঞ নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।