মন্ত্রিসভায় ডাক পেলেন লক্ষ্মীপুর-৩ এর এমপি এ্যানি

স্টাফ রিপোর্টার
মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পাওয়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: দৈনিক নতুনচাঁদ
মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পাওয়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: দৈনিক নতুনচাঁদ

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনের মাধ্যমে তাকে এই তথ্য জানানো হয়।

এ্যানির ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, আজই তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে লক্ষ্মীপুর জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহের আবহ সৃষ্টি হয়েছে।

এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথগ্রহণ শেষে বিকেলেই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এর আগে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।

চলতি নির্বাচনে এ্যানি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট। বিপুল ভোটে এই বিজয়কে লক্ষ্মীপুরের রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলীয় হাইকমান্ডের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত এ্যানির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি লক্ষ্মীপুরের উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

সম্পর্কিত