বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষ্মীপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর শহরের চক বাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মী ও মুসল্লিরা। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর শহরের চক বাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মী ও মুসল্লিরা। ছবি: দৈনিক নতুনচাঁদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ এশা লক্ষ্মীপুর শহরের চক বাজার জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জনগণের প্রতি তার গভীর ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অধ্যায় এবং তার আপসহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া চান। তিনি বলেন, তার ত্যাগ, সাহসী নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পরে বিশেষ মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত