এ্যানি মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার
মন্ত্রী হওয়ার খবরে লক্ষ্মীপুর শহরে বিএনপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। ছবি:
মন্ত্রী হওয়ার খবরে লক্ষ্মীপুর শহরে বিএনপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। ছবি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্ত্রী হওয়ার খবরে লক্ষ্মীপুরে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে আলাদাভাবে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন এবং এ্যানির মন্ত্রিত্বকে লক্ষ্মীপুরের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন। শহরের হাসপাতাল সড়ক, উপকণ্ঠ এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এর আগে লক্ষ্মীপুর-৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার ২০০১ সালে, দ্বিতীয়বার ২০০৮ সালে এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এবারই প্রথমবারের মতো তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদানের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের হাসপাতাল সড়কে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। রাতে যুবদলের নেতাকর্মীরা শহরের উপকণ্ঠ এলাকায় মিষ্টি বিতরণ করেন।

ছাত্রদল নেতা শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান বলেন, “শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরের গর্ব। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে আজ তিনি বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। এটি শুধু বিএনপির নয়, লক্ষ্মীপুরসহ পুরো দেশের জন্য গৌরবের বিষয়। আমরা আশাবাদী, তার হাত ধরে লক্ষ্মীপুরে আমূল উন্নয়ন হবে এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন হিসেবে জেলাটি নতুনভাবে সাজানো হবে।”

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যানি চৌধুরী ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে লক্ষ্মীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই বিজয় ও মন্ত্রিত্ব দলের তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সম্পর্কিত