লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। নতুন উপজেলা চালুর ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অন্যান্য সরকারি সেবা আরও দ্রুত এবং সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। তিনি নতুন উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অস্থায়ী কার্যালয় থেকেই জনসেবা কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে স্থায়ী অবকাঠামো নির্মাণসহ অন্যান্য প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের এই যাত্রা স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।