লক্ষ্মীপুরে মেঘনায় ফুটবল তুলতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবক

স্টাফ রিপোর্টার
 ছবি: মো. মিলন
ছবি: মো. মিলন

লক্ষ্মীপুরের সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে মেঘনা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে তীব্র স্রোতে মো. মিলন (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মেঘার চরের কাটাখালী চরের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মিলন চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে। স্থানীয় লোকজন ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মিলনসহ ৪২ জন বন্ধু মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে যান। সেখানে তারা ফুটবল খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে গেলে মিলনসহ চারজন সেটি উদ্ধারের জন্য নদীতে নামেন।

এ সময় নদীতে জোয়ার শুরু হলে তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে মিলন নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা অপর তিনজন সাঁতরে চরে উঠে আসতে সক্ষম হন। স্থানীয়দের ভাষ্য, অমাবস্যার প্রভাবে গত কয়েকদিন ধরে নদীতে স্রোতের তীব্রতা বেশি ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত ১২টা পর্যন্ত মিলনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন নদীতে তলিয়ে গেছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত