পরিবহন সংকটে চন্দ্রগঞ্জ থানার জনসেবা ব্যাহত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় পরিবহন সংকট ও জনবল ঘাটতির কারণে দ্রুত জনসেবা প্রদানে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চন্দ্রগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। তবে প্রশাসনিক কিছু সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে দ্রুত সেবা দেওয়া সম্ভব হয় না।

তিনি জানান, থানায় দক্ষ জনবলের পাশাপাশি পরিবহন সংকট রয়েছে। অভিযান পরিচালনা বা অভিযোগ তদন্তে যেতে অনেক সময় ভাড়া করা যানবাহনের ওপর নির্ভর করতে হয়। কিছু বিল প্রশাসনিকভাবে পাওয়া গেলেও অধিকাংশ ব্যয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে বহন করতে হয়, যা নিরবচ্ছিন্ন সেবা প্রদানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ওসি মোরশেদ আলম আরও বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনসাধারণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী মানুষের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনের চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে দায়িত্ব নেওয়ার পর ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মাদক ও সন্ত্রাস দমনের বিষয়ে কোনো রাজনৈতিক চাপ বা তদবির নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে মাত্র একটি গাড়ি দিয়ে পরিচালিত হচ্ছে চন্দ্রগঞ্জ থানার কার্যক্রম। এর ফলে সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব না হওয়ায় অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সম্পর্কিত