হাজিরপাড়া ইউপি কার্যালয়ে চুরি, ল্যাপটপ-নগদ লুট

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তথ্যসেবা কেন্দ্রের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একটি ল্যাপটপ, একটি মনিটর এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে গেছে।

শুক্রবার (১২ জুন) রাতে জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের উপকণ্ঠে অবস্থিত হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে তথ্যসেবা কেন্দ্রের কর্মীরা কার্যালয়ে এসে জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে প্রয়োজনীয় সরঞ্জাম ও নগদ টাকা চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরির বিষয়টি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কারা এই চুরির সঙ্গে জড়িত তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয়রা সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত