চন্দ্রগঞ্জে জামায়াত নেতার ফেস্টুন কাটার অভিযোগ, উত্তেজনা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন সুমনের ঈদ শুভেচ্ছার প্রায় ৬০টি ফেস্টুন ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (২৪ মে) বিকেলে উপজেলার মান্দারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অভিযোগ উঠেছে, জেলা পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন প্রকাশ্যে ফেস্টুনগুলো ব্লেড দিয়ে কেটে ফেলেন।

জামায়াত সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে রেজাউল ইসলাম খাঁন সুমনের নির্বাচনী এলাকায় লাগানোর জন্য অটোরিকশাযোগে ফেস্টুনগুলো মান্দারী বাজারে আনা হয়। অভিযোগ অনুযায়ী, অটোরিকশার ওপর থাকা অবস্থাতেই প্রায় ৬০টি ফেস্টুন কেটে ফেলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও একই ধরনের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফেস্টুন কাটার কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এ ঘটনায় এলাকায় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জামায়াত নেতা রেজাউল ইসলাম খাঁন সুমন অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই তার ফেস্টুন নষ্ট করা হয়েছে। বিষয়টির কারণ জানতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার জেরে সন্ধ্যার দিকে মান্দারী বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ‘চ্যানেল ফ্যাশন’ নামের একটি শো-রুমে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত আক্তার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত