লক্ষ্মীপুর সদর উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিন হাজার কৃষকের মাঝে সবজি বীজ এবং তিন হাজার ৫০ জনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে কৃষকদের মধ্যে সবজি বীজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে এসব কার্যক্রমের সুফল কাজে লাগানোর আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল করিম ভূঁইয়া মিজান, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।